ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে সমর্থন করায় ইসরায়েলি অভিনেত্রী মাইসা আবদেল হাদিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। সোমবার (২৩ অক্টোবর) ইসরায়েলের উত্তর নাজারেথ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ অভিনেত্রীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে বলে, ‘এই অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার উত্তর নাজারেথ শহরের একটি মুসলিম পরিবারের বাসিন্দা। যাকে সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের (হামাস) প্রশংসা এবং ঘৃণ্য বক্তব্য প্রচার করার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামী বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পর্যন্ত তাকে হেফাজতে রাখা হবে বলে জানা গেছে। ’
সম্প্রতি মাইসা তার সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। তার একটিতে দেখা যায়, হামাসের হাতে জিম্মি হওয়া একজন ইসরায়েলি প্রবীণ নারীকে। এ ছবিতে হাসির ইমোজি দিয়েছেন মাইসা।
অন্য ছবিতে দেখা যায়, ইসরায়েলের নিরাপত্তা সীমানা ভেঙে প্রবেশ করছে হামাস। এ ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘চলো যাই, বার্লিন স্টাইলে।’ এরপরেই ইসরায়েলি পুলিশের নজরে আসেন তিনি। এর আগে সোশ্যাল মিডিয়া পোস্টে হামাসকে সমর্থন করায় আরব ইসরায়েলি গায়ক দালাল আবু আমনেহকেও আটক করা হয়েছিল।
২০১৪ সালে বড় পর্দায় অভিষেক হয় ৩৭ বছর বয়সী এই অভিনেত্রীর। এরই মধ্যে বেশ যশ-খ্যাতি কুড়িয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘আইস অব থিফ’, ‘৩০০০ নাইটস’, ‘দ্য অ্যাঞ্জেল’ প্রভৃতি।
সূত্র: হিন্দুস্থান টাইমস








