ছাত্র-জনতার আন্দোলনে বিতর্কিত ভূমিকার জন্য ক’দিন আগে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ পাওয়া মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীরের নিয়োগ বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ রোববার (৬ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান গণমাধ্যমকে বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উপহাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরের পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সাম্প্রতিক সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, খাস্তগীর মালয়েশিয়ায় ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে প্রতিবাদকারী বাংলাদেশিদের বিরুদ্ধে মামলা করেছিলেন। তিনি ওই সময় অন্দোলনকারীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেন এবং পরে তার তত্ত্বাবধানে কুয়ালালামপুরের কাজাং থানায় মামলা করা হয়।
এছাড়াও পররাষ্ট্র ক্যাডারদের সংগঠন বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএফএসএ) হোয়াটসঅ্যাপ গ্রুপের ফাঁস হওয়া চ্যাটে দেখা যায়, খোরশেদ আলম খাস্তগীর মালয়েশিয়া প্রবাসী যারা ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন দিয়েছিলেন তাদের পাসপোর্ট বাতিলেরও সুপারিশ করেছিলেন।
বৈষ্যম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বিগত আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ বিতর্কিত হন পেশাদার কূটনীতিক খোরশেদ আলম খাস্তগীর। তাকে পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের পর নেতিবাচক প্রতিক্রিয়া জানান প্রবাসীরা। তারা খাস্তগীরের নিয়োগ বাতিলের দাবি তোলেন।







