ব্রাজিলের নতুন তারকা এন্ড্রিক ফেরেইরা সম্প্রতি বলেছেন, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি স্যার ববি চার্লটন তার শৈশবের আইডল। নেইমারের চেয়ে জুড বেলিংহ্যামকে এগিয়ে রাখায় তার উপর চটেছেন ব্রাজিলের সাবেক এক ফুটবলার। বলেছেন, এন্ড্রিক ফুটবলের কিছুই বোঝেন না।
১৮ বর্ষী রিয়াল মাদ্রিদ তারকা এন্ড্রিককে সম্প্রতি এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়, নেইমার নাকি বেলিংহ্যাম, সেখানে তিনি বেলিংহ্যামকে এগিয়ে রাখবেন। এরপর ববি চার্লচনের নাম উল্লেখ করলে অনেকেই বিস্মিত হন।
ব্রাজিলের সাবেক ফুটবলার হোসে ফেরেইরা নেতো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘এন্ড্রিক ফুটবলের কিছু জানেন না। কীভাবে সে বেলিংহ্যামের সাথে নেইমারের তুলনা করে? আমাকে অবশ্যই বলতে হবে, আমি নেইমারের অনুসারী নই, কিন্তু আমার বাচ্চারা তাকে ভালোবাসে। কে ভালো খেলোয়াড়, বেলিংহ্যাম নাকি নেইমার? বিষয়টি খুবই হাস্যকর। নেইমার তার চেয়ে অনেক ভালো।’
‘এরপর তিনি মজা করে ববি চার্লটনের নাম নিয়ে আসেন। আপনি সম্ভবত জানেন না ববি চার্লটন কে, আপনি কি মনে করেন এটা সিগারেটের একটি ব্র্যান্ড। জনপ্রিয় বানানোর চেষ্টা? সে সাদামাটা একজন খেলোয়াড়।’
রিয়ালে যোগ দেয়া এন্ড্রিককে উয়েফা সুপার কাপের দলে নেয়া হয়েছে। মঙ্গলবার তার অভিষেক হতে পারে, সেখানে স্প্যানিশ দলটি খেলবে ইতালিয়ান ক্লাব আটালান্টার বিপক্ষে।








