ক্ষুদে গণিতবিদদের নিয়ে অনুষ্ঠিত ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট’

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে জাতীয় বাছাই পর্বে উত্তীর্ণ একদল শিক্ষার্থী। আগামী জানুয়ারিতে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল ম্যাথ জিনিয়াস অলিম্পিয়াডের (ইমগো) ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেবে তারা।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট ২০২৬’ অনুষ্ঠানে জাতীয় বাছাই পর্বে বিজয়ী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ দেওয়া হয়।
বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটির (বাইসিস) উদ্যোগে এবং কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইমগোর জাতীয় বাছাই পর্বে অংশ নেয়। গাণিতিক দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত পর্বের জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি ও দেশে গণিত অলিম্পিয়াড আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুনির হাসান। বিশেষ অতিথি ছিলেন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) নির্বাহী সদস্য মোহাম্মদ কাওছার উদ্দীন। সভাপতিত্ব করেন কিডজানার সিইও ও বাইসিসের সভাপতি মোসাদ্দেক হোসেন।
আয়োজকেরা জানান, আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশের নির্বাচিত শিক্ষার্থীরা।
উৎসবে গণিত অলিম্পিয়াড ও রোবোটিকস বিষয়ে বিশেষ সেশনেরও আয়োজন করা হয়। পাশাপাশি কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের আফটার স্কুল প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন দেওয়া হয়।
অনুষ্ঠানে মোসাদ্দেক হোসেন বলেন, বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তিগত জ্ঞান ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে শিক্ষামূলক উদ্যোগ হিসেবে কাজ করছে কিডজানা। প্রতিটি শিশুর মধ্যেই সৃষ্টিশীল মানুষ, চিন্তাবিদ ও ভবিষ্যৎ উদ্ভাবক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা বিকশিত করতে আনন্দময়, হাতে-কলমে ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।





