ভারতে নিহত সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

রাজধানীর লালমাটিয়া থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রয়াত আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্রেপ্তার মুনতারিন ফেরদৌস ডরিনের বয়স ২৪ বছর। তার স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তিনি রাজধানীর লালমাটিয়া এলাকায় বসবাস করছিলেন।
তবে ডরিনকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মুনতারিন ফেরদৌস ডরিন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে। ২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে তার বাবা নিখোঁজ হন। পরে তার হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে আসে।
বাবার নিখোঁজ হওয়ার পর বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ডরিন। বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও তিনি সরব ছিলেন।





