‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে রেকর্ড নিবন্ধনের খবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিভা অন্বেষণমূলক আয়োজন ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে রেকর্ড ১৬ লাখ ২৩ হাজারের বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) ক্রীড়া সম্পাদকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এতথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিপুল সাড়া আগামীদিনে বাংলাদেশের ক্রীড়াজগতকে আরও এগিয়ে নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ‘অনলাইনে নিবন্ধিত সর্বমোট ক্রীড়াবিদের মধ্যে ৯ লাখের বেশি ছেলে এবং ৬ লাখের বেশি মেয়ে রয়েছে। শতকরা হিসেবে প্রায় ৫০ শতাংশ কিশোর ও ৪২ শতাংশ কিশোরী পরবর্তী আসরে অংশ নিতে যাচ্ছে। আগামীদিনে নারী ক্রীড়াবিদদের এই ব্যাপক উপস্থিতি আরও অনেক পরিবারকে তাদের কন্যাদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রেরণা জোগাবে।’
দেশের ৪৫৯৯টি ইউনিয়ন থেকে দল গঠন করতে এবং ফুটবল ও ক্রিকেটসহ মোট ১০টি ইভেন্ট আয়োজনের জন্য মূলত ১৪ লাখ ক্রীড়াবিদের প্রয়োজন ছিল। সঠিক ও যোগ্য খেলোয়াড় বাছাইয়ের জন্য ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।
আগামী ৫ নভেম্বর ‘নতুন কুঁড়ি’ সিজন-২ এর শুভ উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা থেকে প্রজেক্টরের মাধ্যমে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এই প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু করাবেন।
উল্লেখ্য, গত আসরে ৮টি ইভেন্টে ১ লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদ নিবন্ধিত হয়েছিল। এবার ইভেন্ট বাড়িয়ে ১০টি করা হয়েছে। প্রথম আসর থেকে নির্বাচিত ৩০৬ জন বিজয়ী ক্রীড়াবিদের জন্য বর্তমানে বিকেএসপিতে ৪০ দিনের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চলছে, যাদেরকে কেন্দ্র করে এবার নতুন ইভেন্টগুলোর মূল কার্যক্রম পরিচালিত হবে।






