থাইল্যান্ডের উত্তর-পূর্ব প্রদেশে একটি ডে-কেয়ার সেন্টারে এক বন্দুকধারীর নির্বিচারে গুলিতে অন্তত ৩৪ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। নিহতদের মধ্যে ২৩ জন শিশু।
এক প্রাক্তন পুলিশ কর্মকর্তা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে স্থানীয় পুলিশ। অভিযুক্তকে ধরতে তল্লাশি চালায় থাই পুলিশ, তবে অভিযুক্তকে গ্রেফতার করার আগেই সে আত্মহত্যা করে।
ঘটনা বিষয়ে থাই পুলিশের ডেপুটি মুখপাত্র আর্চন ক্রাইটং রয়টার্সকে বলেছেন, ‘কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে এই ঘটনায়। বিস্তারিত সব তথ্য এখনও জানা যায়নি।’
ঘটনায় শিশুদের পাশাপাশি প্রাপ্ত বয়স্ক বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে বলে পুলিশ জানিয়েছে। থাই প্রধানমন্ত্রী দেশটির সব নিরাপত্তা সংস্থাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এর আগে ২০২০ সালে থাইল্যান্ডে একটি জমি বিবাদ ঘিরে এলোপাথাড়ি গুলিতে ২৯ জনের মৃত্যু হয়েছিল। সেবার ঘটনাটি ঘটিয়েছিলেন একজন সেনাকর্মী। আর এবারের ঘটনা ঘটালেন এক পুলিশ কর্তা। তবে ঠিক কী কারণে আজকের এই ঘটনা ঘটাল সেই পুলিশ কর্তা, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।







