অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা দিয়েছেন রাহুল গান্ধী? পাল্টাপাল্টি দাবি কংগ্রেস-বিজেপির

ওয়ানইন্ডিয়ার সাংবাদিক রিচা পরাশর
ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তিন মাসের অন্তঃসত্ত্বা এক সাংবাদিককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ওয়ানইন্ডিয়ার সাংবাদিক রিচা পরাশর। তবে ভিডিওতে রাহুল তাকে ধাক্কা দিয়েছেন কি না, তা স্পষ্ট নয় বলে দাবি করেছে কংগ্রেস।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে রিচা অভিযোগ করেন, রাহুলের ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান। এ সময় তার ক্যামেরাপারসনও তার ওপর পড়ে যান। এতে তার মোবাইল ফোন ভেঙে যায়। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ঘাড় ও পায়ে ব্যথা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
রিচার অভিযোগ অস্বীকার করে কংগ্রেস নেত্রী অলকা লাম্বা বলেন, ঘটনার সময় ও হাসপাতালে নেওয়ার সময়ের মধ্যে ব্যবধান রয়েছে। অন্তঃসত্ত্বা অবস্থায় এক্স-রে করানো নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জবাবে রিচা জানান, তার কোনো এক্স-রে করা হয়নি এবং চিকিৎসকের পরামর্শ নিয়েই তিনি কাজ করছিলেন।
বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি অভিযোগ করেন, আহত সাংবাদিককে সহায়তা না করে কংগ্রেসের নেতাকর্মীরা উল্টো তার অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সোমবার নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধী জোট ইন্ডিয়ার বিক্ষোভের মধ্যেই এ ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে ধাক্কার বিষয়টি স্পষ্ট নয়। ফলে অভিযোগটি নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে।





