গত জুলাইয়ে উইম্বলডনের ফাইনালে টেনিসের নক্ষত্র নোভাক জোকোভিচকে হার মানতে হয়েছিল ২০ বর্ষী তরুণ তারকা কার্লোস আলকারাজের কাছে। এবার সেই হারের বদলা নিলেন জোকো। সিনসিনাটি ওপেনের ফাইনালে আলকারাজকে হারিয়ে শিরোপা জিতেছেন সার্বিয়ান মহাতারকা। প্রায় চার ঘণ্টার লড়াই শেষে জয় পেয়ে আবেগি হয়ে নিজের জার্সিটাই ছিঁড়েছেন কোর্টে।
এটিপি সিনসিনাটি ওপেনে রোববার রাতে প্রথম সেটে হেরে যাওয়ার পর দ্বিতীয়টিতে দারুণভাবে ঘুরে দাঁড়ান জোকোভিচ। শেষপর্যন্ত শেষ ৩ ঘণ্টা ৪৯ মিনিটের লড়াইয়ে ৫-৭, ৭-৬ (৯-৭), ৭-৬ (৭-৪) গেমে ম্যাচ নিজের করে নেন ৩৬ বর্ষী জোকো। তৃতীয়বারের মতো সিনসিনাটি মাস্টার্সের খেতাব জিতলেন।
ম্যাচ শেষে জোকো বলেছেন, ‘এটা বর্ণনা করা আমার জন্য কঠিন। আমার জীবনের সবচেয়ে কঠিন খেলা ছিল এটি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা লড়াই করে গেছি। তবে একবারের জন্যও হাল ছাড়েননি আলকারাজ।’
টেনিস র্যাঙ্কিংয়ে ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ীকে ছাড়িয়ে বর্তমানে শীর্ষে আছেন আলকারাজ। দ্বিতীয় স্থানে আছেন জোকোভিচ। এই জয়ের মধ্য দিয়ে তিনি ক্যারিয়ারের ৯৫তম ট্রফি জিতলেন।
আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে ইউএস ওপেন। কোভিড টিকা না নেয়ায় গতবছর খেলতে না পারলেও এবার জোকো খেলবেন বলেই ধারণা করা হচ্ছে। সেখানেও প্রতিপক্ষ হিসেবে পাবেন আলকারাজকে।







