পথকুকুর হত্যা নয়, টিকাদান ও বন্ধ্যাকরণের দাবি প্রাণিকল্যাণকর্মীদের

ছবি: সংগৃহীত
পথকুকুরের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ এবং প্রাণীদের খাবার দেওয়াকে কেন্দ্র করে হয়রানি ও হুমকির প্রতিবাদে রাজধানীর আজিমপুরে প্রাণিকল্যাণ ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় পথকুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়। পাশাপাশি প্রাণিকল্যাণ আইন বাস্তবায়ন, কুকুরের বন্ধ্যাকরণ এবং মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিতের দাবি জানান আয়োজকেরা।
শনিবার (২৮ নভেম্বর) আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কলোনির (জোন-বি) এ কর্মসূচির আয়োজন করে এলবি অ্যানিম্যাল শেল্টার, প্রিসাইজ পেটল্যাভ ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল লিমিটেড এবং গ্রিট ফাউন্ডেশন।
কর্মসূচির অংশ হিসেবে কলোনির পথকুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়। পরবর্তী সময়ে বন্ধ্যাকরণ কার্যক্রম পরিচালনারও উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া জনসচেতনতা বাড়াতে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও পোস্টার হাতে নিয়ে শান্তিপূর্ণ অবস্থান ও প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা।
আয়োজকেরা জানান, পথকুকুরদের টিকাদান ও চিকিৎসাসেবা সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক উদ্যোগে পরিচালিত হচ্ছে।
তবে কর্মসূচি চলাকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি বাধা দেন এবং অংশগ্রহণকারীদের হেনস্তার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। এ সময় কলোনির বাসিন্দা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক ডেপুটি সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা শ্যামল প্রসাদ দের হয়রানির বিষয়টিও তুলে ধরা হয়। পথকুকুর ও অন্যান্য প্রাণীকে খাবার দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তিনি ও তার মেয়ে হয়রানি ও মানসিক চাপের শিকার হচ্ছেন বলে অভিযোগ করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া মৃত্তিকা বায়রন অভিযোগ করেন, সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি প্রাণী সংরক্ষণ ও নিধনবিরোধী আইন মানতে অস্বীকৃতি জানান। এ সময় তাকে কুকুরসহ এলাকা ছেড়ে চলে যেতে বলা হয় এবং কটূক্তি ও হেনস্তা করা হয়।
এ ঘটনায় প্রতিকার চেয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন মৃত্তিকা বায়রন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন স্থানে প্রাণিকল্যাণ ও সচেতনতার বিষয়ে কথা বলছেন এবং সরকারও এ বিষয়ে সোচ্চার। অথচ সরকারি আবাসিক এলাকায় অবস্থান করে সরকারি কর্মচারী বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ আইন না মানার কথা কীভাবে বলেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।
কর্মসূচিতে এলবি অ্যানিম্যাল শেল্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দীপান্বিতা হৃদি বলেন, পথপ্রাণীদের প্রতি নিষ্ঠুরতা ও নির্যাতন বন্ধ করে তাদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতেই এ সম্মিলিত উদ্যোগ নেওয়া হয়েছে। আইন ও মানবিকতার স্বার্থে বাধা ও ভয়ভীতি উপেক্ষা করে প্রাণিকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

গ্রিট ফাউন্ডেশনের প্রতিনিধি নিলুফার ইয়াসমিন বলেন, জলাতঙ্ক প্রতিরোধে প্রাণী হত্যা বা নির্যাতন কোনো সমাধান নয়। টিকাদান ও বন্ধ্যাকরণই এ ক্ষেত্রে বিজ্ঞানসম্মত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত কার্যকর পদ্ধতি। প্রাণিকল্যাণ আইন, ২০১৯-এর যথাযথ বাস্তবায়নের পাশাপাশি জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি প্রাণীর প্রতি সহানুভূতিশীল আচরণ জরুরি।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নেওয়া এ কর্মসূচির উদ্দেশ্য নয়। মানুষের মধ্যে প্রাণীদের প্রতি সহানুভূতি ও সচেতনতা তৈরি করাই তাদের মূল লক্ষ্য।
প্রিসাইজ পেটল্যাভ ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল লিমিটেডের পরিচালক সারা বিনতে জামান দেশের বাইরে থাকায় প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য দেন ভেটেরিনারি চিকিৎসক ডা. নাঈম। তিনি বলেন, বিজ্ঞানসম্মত উপায়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান ও বন্ধ্যাকরণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। এতে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করা যায়।
প্রিসাইজ পেটল্যাভের পক্ষ থেকে স্বেচ্ছাসেবামূলকভাবে টিকাদান ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তিনি।





