মোস্তাফিজ পুরো আইপিএল খেললে উপকৃত হবে বাংলাদেশ: আকরাম

চেন্নাইয়ের মোস্তাফিজ ব্যাটিংরত, দর্শকদের মাঝে খেলা উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশের জার্সিতে দীর্ঘদিন ধরে ছন্দে নেই মোস্তাফিজুর রহমান। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে এ বাঁহাতি পেসার ঠিকই নিজেকে মেলে ধরেছেন। পুরো আসর খেলার সুযোগ দিয়ে ফিজকে আরও আত্মবিশ্বাসী হয়ে দেশের হয়ে মাঠে নামার পক্ষে মত দিলেন সাবেক টাইগার অধিনায়ক আকরাম খান।
সোমবার মিরপুরের বিসিবি কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আকরাম। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোস্তাফিজের আইপিএল খেলার প্রসঙ্গে নিজের মতামত জানান আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক।
আকরাম মনে করেন আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার চেয়ে আইপিএলে থাকলে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে তার ফায়দা তুলতে পারবে বাংলাদেশ।
শুরুতে অনেকেই মনে করেছিলেন মোস্তাফিজ হয়ত সাইড বেঞ্চে বসেই কাটাবেন। কিন্তু বাস্তবে দেখা গেছে মহেন্দ্র সিং ধোনির দল তাকে গুরুত্বপূর্ণ বোলার হিসেবেই ব্যবহার করছে। আস্থার প্রতিদানও দিয়ে চলেছেন কাটার মাস্টার।
জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের জন্য মোস্তাফিজকে দেশে ফিরে আসতে হবে আগামী মাসের ২ তারিখ। অর্থাৎ ১ মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচই হতে যাচ্ছে চেন্নাইয়ের জার্সিতে এবারের আইপিএলে মোস্তাফিজের শেষ ম্যাচ।
এমন বাস্তবতায় মোস্তাফিজকে আইপিএলে আরও দীর্ঘসময় খেলার দাবি তুললেন আকরাম, ‘মোস্তাফিজের পারফরম্যান্স নিয়ে কিন্তু আমরা চিন্তিত ছিলাম। ও গত এক বছর ধরে স্ট্রাগল করছিল। আইপিএলে কিন্তু ওর পারফরম্যান্স ভালোর দিকে যাচ্ছে। আর যেহেতু ও লংগার ভার্সন খেলে না, তো আমার মনে হয় যে ও যদি আইপিএলে গিয়ে ভালো করতে থাকে তাহলে বিশ্বকাপে আমরা মনে হয় বেশি উপকৃত হবে বাংলাদেশ। এ জিনিসটা চিন্তা করতে পারে বোর্ড। এটা নির্ভর করছে টিম স্টাফ, জাতীয় দলের যারা নির্বাচক আছেন তাদের চিন্তা ভাবনার ওপর। কিন্তু ও যে ভালো করছে, সেটা বাংলাদেশের জন্য অনেক ভালো।’
‘মোস্তাফিজকে ব্যবহার করতে পারলে আপনি শতভাগ সুবিধা পাবেন। যেটি ধোনির দল করছে। কলকাতার বিপক্ষে যেভাবে পরিকল্পনা করে বোলিং করেছে। ও চেন্নাইয়ের হয়ে যত ম্যাচ খেলবে সে ব্যক্তিগতভাবে অনেক উপকার পাবে বাংলাদেশ দলও উপকৃত হবে। জিম্বাবুয়ের সঙ্গে খেলার চেয়ে… ওখানে বড় বড় খেলোয়াড় আছে ড্রেসিংরুম শেয়ার করবে। টুর্নামেন্টের স্ট্যান্ডার্ড অনেক ভালো। বিভিন্ন ধরণের উইকেটে বিভিন্ন ধরনের খেলোয়াড়দের সাথে খেলছে। এই সুযোগটা পাওয়া উচিত। জিম্বাবুয়ের সঙ্গে খেলার চেয়ে ওখানে খেললে আমার মনে হয় সে অনেক কিছু শিখবে।’






