আবাসন খাতে বিশেষ অবদানে সম্মাননা পেল ইনটেক প্রোপার্টিজ

আবাসন খাতে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক ও সনদ পেয়েছে জনপ্রিয় আবাসন প্রতিষ্ঠান ইনটেক প্রোপার্টিজ লিমিটেড।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী আবাসন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি।
পরিকল্পিত নগরায়ণ এবং আধুনিক ও মানসম্মত আবাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ইনটেক প্রোপার্টিজের সততা, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজউক চেয়ারম্যান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব।
সম্মাননা পাওয়ায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গ্রাহক, শুভানুধ্যায়ী ও পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই তাদের এগিয়ে যাওয়ার মূল চালিকাশক্তি।
গত সোমবার বিশ্ব বসতি দিবস ২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব বসতি দিবসের এবারের প্রতিপাদ্য- ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।
তিনদিনব্যাপী মেলায় রিহ্যাব, নির্মাণ খাত, ব্যাংকিং সেবা, রাজউক, স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, নগর পরিকল্পনাসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার মোট ১৫৭টি স্টল অংশগ্রহণ নেয়।
জাতিসংঘ ১৯৮৫ সালে অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। বিশ্বজুড়ে নিরাপদ নগর ও মানসম্মত বাসস্থান বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৬ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
‘বাসস্থান আমার অধিকার’ প্রতিপাদ্য নিয়ে কেনিয়ার নাইরোবিতে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়। এরপর প্রতিবছর ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হচ্ছে।






