বিতর্কিত মন্তব্যের কারণে প্রায়শই শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। শুধু তাই নয় মনগড়া অদ্ভুত সব মন্তব্য করে একাধিকবার হাসির পাত্রেও পরিণত হয়েছেন এই অভিনেত্রী।
এবার এই অভিনেত্রী দাবি করলেন বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চনের পরে সবচেয়ে বেশি ভালোবাসা ও সম্মান পেয়েছেন তিনি। আর অভিনেত্রীর এই মন্তব্যই রীতিমত ভাইরাল এখন নেটদুনিয়ায়।
হিমাচল থেকে বিজেপির টিকিট পেয়ে বলিউডে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন কঙ্গনা। বর্তমানে নির্বাচনী প্রচার নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তার মাঝেই সম্প্রতি এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
ভিডিওটিতে কঙ্গনা বলেন, ‘পুরো দেশবাসী অবাক। কারণ আমি যখন রাজস্থান, পশ্চিমবঙ্গ, নয়া দিল্লি অথবা মণিপুরে যাই তখন প্রচণ্ড ভালোবাসা ও সম্মান পাই। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, অমিতাভ বচ্চনের পরে যদি এই ইন্ডাস্ট্রির কেউ ভালোবাসা এবং সম্মান পেয়ে থাকেন, তবে সেটা আমি পেয়েছি।’
যদিও অভিনেত্রীর নিজের প্রতি তার এই আত্মবিশ্বাসে হাসির পাত্রে পরিণত হচ্ছেন! একজন নেটিজেন তো কঙ্গনার এই বক্তব্যকে ‘বছরের সেরা রসিকতা’ বলেও দাবি করেছেন। তবে নেটিজেনদের অনেকেরই ধারণা অভিনেত্রীর নিজের প্রতি তার এই আত্মবিশ্বাস তাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে।
কঙ্গনাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘তেজাস’ সিনেমাতে। গেল বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় যেটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়েছিল সেসময়। বক্স অফিসে আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি। এছাড়াও ‘ইমার্জেন্সি’ ও নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমার কাজ রয়েছে কঙ্গনার হাতে।
‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন তিনি। আগামী ১৪ জুন এটি মুক্তির কথা রয়েছে।- ইন্ডিয়ান এক্সপ্রেস








