বিনোদন

‘এক বিকেল’ এর জুয়েল চলে যাওয়ার এক বছর

চ্যানেল আই অনলাইন সংবাদে জুয়েল ভেন্টিলেশনে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুয়েল ভেন্টিলেশনে চিকিৎসাধীন, তার পাশে গানের নোট ও সুরের ব্যাকগ্রাউন্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ

নন্দিত কণ্ঠশিল্পী হাসান আবিদুল রেজা জুয়েলকে হারানোর এক বছর পূর্ণ হলো বুধবার (৩০ জুলাই)। গেল বছর এই দিনে অনন্তলোকের পথে পাড়ি জমান এই গুণী শিল্পী।

তাকে হারানোর ১ বছর পূর্ণ হওয়ায় তার স্মরণে বন্ধু ও সহকর্মীরা আয়োজন করেছেন একটি বিশেষ অনুষ্ঠানের, যার শিরোনাম ‘মহাকালের এক বছর’। আগামী ১ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই আয়োজন।

জানা গেছে, এটি কোনও প্রচলিত অর্থে স্মরণসভা নয়। বরং গান, গল্প ও অডিও-ভিজ্যুয়ালের মাধ্যমে জুয়েলকে স্মরণ করা হবে ভিন্নধর্মী এক আবহে। থাকবে নীরব শ্রোতা হয়ে তাঁর গাওয়া গান শোনার মুহূর্তও।

অনুষ্ঠানে সংগীত ঐক্য বাংলাদেশের নেতৃবৃন্দ, কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, আলিফ আলাউদ্দিনসহ সংগীত অঙ্গনের অনেক পরিচিত মুখ উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

গেল বছরের ৩০ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘এক বিকেল’-এর জুয়েল। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। ২০১১ সালে তার শরীরে লিভার ক্যানসার ধরা পড়ে, যা পরে ছড়িয়ে পড়ে ফুসফুস ও হাড়েও।

নব্বই দশকে ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে হাজির হয়েছিলেন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। ব্যাংকার বাবার চাকরির কারণে ছোটবেলায় তাকে থাকতে হয়েছিল দেশের বিভিন্ন জায়গায়। বাবা মায়ের অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন জুয়েল। প্রথম শ্রেণিতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছে গান শিখেছিলেন আর মঞ্চে প্রথম গান করেছিলেন তখন তিনি পড়েন চতুর্থ শ্রেণিতে।

১৯৮৬ সালে ঢাকায় চলে আসেন জুয়েল। এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। তখনই বিভিন্ন মিডিয়ার সাথে তার যোগাযোগ ঘটতে শুরু করে।

জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে। দশটির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। এরমধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘এক বিকেলে’ অ্যালবামটি। এটি প্রকাশের পর তার নামই হয়ে যায় ‘এক বিকেলের জুয়েল’।

বিষয়:জুয়েল সংগীত সংগীতশিল্পী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…