দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আট দিনের রিমান্ডের নির্দেশ দেওয়ার কারণে, পাকিস্তানের প্রধান শহরগুলিতে আবারও দাঙ্গা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সহিংসতা এড়াতে দেশটির সবচেয়ে বড় দুটি প্রদেশ, পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ার সেনা মোতায়েন করা হয়েছে। এই সহিংসতায় পুলিশের সাথে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৮ জন মারা গেছে।
একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, পুলিশ এবং পিটিআই সমর্থকদের সংঘর্ষের মধ্যে অন্তত আটজন নিহত হয়েছে। তবে ইমরান খানের দল দাবি করেছে, প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি। কর্মকর্তারা বলেছেন, গতকাল বুধবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাজনৈতিক দলের সমর্থকরা জাতীয় সম্প্রচারকারী রেডিও পাকিস্তানের অফিসে হামলা চালিয়েছে, এই ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। এছাড়াও আজ দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পিটিআই নেতা শাহ মেহমুদ কোরেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়াও পেশোয়ারের বালা হিসার দুর্গ এলাকায় একটি সামরিক স্থাপনার কাছে গোলাগুলির ঘটেছে। মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম শহর কোয়েটায় একজন বিক্ষোভকারী নিহত হয়েছে, যা দুই দিনের দাঙ্গা থেকে সরকারীভাবে নিশ্চিত মৃত্যুর সংখ্যা কমপক্ষে পাঁচ বলা হয়েছে। পিটিআই অবশ্য দাবি করেছে তাদের প্রায় ৫০ সমর্থক জন নিহত হয়েছে এবং এক হাজারেরও বেশি গ্রেপ্তার হয়েছে।








