অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটি সামরিক যান সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে তাদের আট জন সেনা নিহত হয়েছেন।
লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলের বরাতে সংবাদ মাধ্যম পার্সটুডে জানিয়েছে, গতকাল ১৬ জুন শনিবার দক্ষিণ গাজায় ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি টাইগার সামরিক যান ধ্বংস হলে এই ঘটনা ঘটে।
এদিকে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড বলেছে, তারা আল ইয়াসিন-১০৫ রকেটের সাহায্যে ইসরাইলের একটি ডি-৯ টাইপের বুলডোজার ধ্বংস করেছে।
রাফাহ শহরের পশ্চিমে তেল আল-সুলতান এলাকায় ইসরাইলিরা এই বিপর্যয়ের মুখে পড়ে বলে জানিয়েছে আল-কাসসাম ব্রিগেড।
তবে ইসরায়েল এখনও এই আট সেনার মৃত্যু নিয়ে কিছু বলেনি তবে গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ৬৫০ জন সাধারণ সৈনিক ও অফিসার নিহত হওয়ার কথা স্বীকার করেছে।








