গরমের দিনে আমরা সব খাবারই এমন খাওয়ার চেষ্টা করি যাতে আমাদের শরীর ঠাণ্ডা থাকে। কারণ গরমে ভারি খাবার অধিকাংশ সময় আমাদের পেটের সমস্যা তৈরি করে।
সেই জন্য শরীর ভিতর থেকে ঠাণ্ডা রাখতে খেতে হবে শাক-সবজি ও ফল। তবে বিশেষ কিছুই সবজি আছে যা এই গরমে আপনার শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করবে:
লেটুস
বাজারে গিয়ে লেটুস দেখলেই কিনে নিন। গরমে লেটুস খাওয়া সত্যিই উপকারী। লেটুস পাতায় পানির পরিমাণ বেশি। ফলে শরীরে পানির ঘাটতি পূরণ করে এই পাতা। এছাড়া, শরীরের তাপমাত্রা কমাতে লেটুসের জুড়ি মেলা ভার। পেটের সমস্যাও কমায় এই পাতা। লেটুসের গুণে গরমেও চাঙ্গা থাকা যায়।
শসা
শসা ফল না সবজি এই আলোচনা চলতেই থাকে। তবে ফল হোক কিংবা সবজি, এই গরমে শসা না খেলে পেটের সমস্যা অবধারিত। শসাতে পানির পরিমাণ বেশি। ফলে শরীর আর্দ্র রাখতে সাহায্য করে এই ফল। শরীরে যে তাপ উৎপন্ন হয়, শসা তা শোষণ করে নিতে পারে। হজমের গোলমাল কমাতেও শসা উপকারী।
লাউ
ডাল দিয়ে খান কিংবা ঘণ্ট বানিয়ে গরমে লাউ খেতে ভুললে চলবে না। লাউয়ে প্রচুর পরিমাণে পানি রয়েছে। এই সময়ে এমনিতেই শরীরে পানির পরিমাণ কমে যায়। লাউ কিন্তু সেই ঘাটতি পূরণ করবে। তা ছাড়া, পেটের সমস্যা যাদের রয়েছে, লাউ তাদের জন্য বেশ উপকারী।
ঝিঙা
রুই মাছের ঝোল হোক কিংবা পোস্ত দিয়ে বাঙালির ঝিঙার প্রতি একটা আলাদা প্রেম আছে। এই সবজি রান্না করার সময়ে যে পরিমাণ পানি বের হয়, তাতেই বোঝা যায় এতে কতটা পরিমাণ পানি আছে। গ্রীষ্মকালীন নানা শারীরিক সমস্যার ঝুঁকি কমায় ঝিঙে।
বিট
বিট শীতকালীন সবজি। তবে সারা বছরই বাজারে চোখে পড়ে বিট। ‘হিট ওয়েভ’-কে বুড়ো আঙুল দেখিয়ে সুস্থ থাকতে বিট খাওয়া জরুরি। বিট পেটের গোলমাল কমায়। শরীর ভিতর থেকে আর্দ্র করে তোলে। হজমের সমস্যাও কমে বিট খেলে।







