১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত
ঐতিহাসিক ১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) উপলক্ষে গতকাল বুধবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন। তাদের সঙ্গে র্যাব ও পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করছে। এ ছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দিনটিকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জ পৌরপার্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় লোকজনের মধ্যে প্রায় চার ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে পাঁচ যুবক নিহত হন।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, গোপালগঞ্জকে অন্য জেলা থেকে আলাদাভাবে দেখা হচ্ছে না। গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। ১৬ জুলাইকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।






