চট্টগ্রামের বোয়ালখালীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ১৩ এপ্রিল সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের রায়খালী ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে দু’জন নারী ও তিনজন পুরুষ রয়েছে। স্থানীয়রা নিহতদের মধ্যে বাবুল দে (৬০), মো. সেলিম (৪৫) ও অঞ্জনা বেগমের নাম নিশ্চিত করেছেন। নিহত এবং আহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে বুধবার ভক্তদের নিয়ে বাসটি বোয়ালখালী উপজেলার হাওলা দরবার শরীফের ওরশে এসেছিল। আজ সকালে সেটি পটিয়া হয়ে শাহ আমানত সেতু দিয়ে চট্টগ্রাম শহরে যাবার পথে সিএনজি অটোরিকশাকে চাপা দেয় বাসটি। ঘটনার পর এলাবাসী হতাহতদের উদ্ধার করে। এতে ঘটনা স্থলেই চারজনের মৃত্যু হয়, দু’জনকে হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজন মারা যায়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়েছে। আরও দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।








