দিল্লিতে ভবনধসে নিহত ৪, চলছে উদ্ধার অভিযান

ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লির নিউ সিলামপুরে চারতলা একটি আবাসিক ভবন ধসে চারজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও দুই থেকে তিনজন আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে একাধিক সংস্থা অভিযান চালাচ্ছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নিউ সিলামপুরের ইদগাহ মাছলি মান্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে।
চারতলা ভবনটি ধসে পাশের দুই থেকে তিনটি বাড়ির ওপর পড়ে। খবর পেয়ে দিল্লি ফায়ার সার্ভিস, পুলিশ, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ), মিউনিসিপ্যাল করপোরেশন অব দিল্লি (এমসিডি)সহ বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
দুর্ঘটনার পর প্রথমে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে প্রায় ১২ বছর বয়সী এক কিশোরী, চার মাসের অন্তঃসত্ত্বা ২১ বছর বয়সী গুলাফসা এবং এক শিশু রয়েছেন। নিহতদের কয়েকজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় আহত আটজনকে উদ্ধার করে রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫৬ বছর বয়সী মোমিন মির্জা, তিন বছর বয়সী এক শিশু, ২৮ বছর বয়সী আবদুল রহমান ও দেবরুদ্দিন রয়েছেন।
শাহদারা পুলিশের উপকমিশনার রাজেন্দ্র প্রসাদ মীনা জানান, প্রায় ২৫ বর্গগজ জায়গার ওপর ভবনটি নির্মিত ছিল। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে সাত থেকে আটজন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত আটজনকে উদ্ধার করা হয়েছে।
উত্তর-পূর্ব দিল্লির জেলা প্রশাসক অজয় কুমার জানান, পাশের একটি ভবন ভাঙার কাজ চলছিল। ওই কাজের সময় যন্ত্রের কম্পনের কারণে চারতলা ভবনটি ধসে পড়তে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো দুই থেকে তিনজন আটকে থাকতে পারেন। তাদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় জনবল মোতায়েন করা হয়েছে।
ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, দিল্লি ফায়ার সার্ভিস, পুলিশ, এমসিডি, ডিডিএমএ, সেন্ট্রালাইজড অ্যাকসিডেন্ট অ্যান্ড ট্রমা সার্ভিস (ক্যাটস) ও এনডিআরএফের সদস্যরা কাজ করছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত উদ্ধারকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এর আগে গত ৬ সেপ্টেম্বর দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে সাতজন নিহত হন।






