প্রথম জন্মদিনে কন্যার মুখ দেখালেন অপূর্ব

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। এবার মেয়ের প্রথম জন্মদিনে তাকে প্রকাশ্যে আনলেন এই অভিনেতা।
বিশেষ এই দিনে মেয়েকে নিয়ে আবেগঘন একটি পোস্টও দিয়েছেন তিনি। মেয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে অপূর্ব লেখেন, তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন… আমাদের ছোট্ট রাজকন্যার প্রথম জন্মদিনের শুভেচ্ছা!
মেয়ের জন্মের পর কেটে যাওয়া একটি বছরের স্মৃতিচারণ করে অভিনেতা লেখেন, সময় কীভাবে পেরিয়ে গেল, তা তিনি বুঝতেই পারেননি। এক বছর আগে এই দিনে তার পৃথিবীতে এসেছিল ছোট্ট মেয়েটি, বদলে দিয়েছিল সবকিছু- সবচেয়ে সুন্দর উপায়ে।
মেয়েকে বড় হতে দেখা, তার নতুন নতুন বিষয় আবিষ্কার করা এবং হাসি-আনন্দে ঘর ভরিয়ে তোলাকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন অপূর্ব।
তার ভাষায়, জন্মদিনে মেয়ের মাথায় ছোট্ট মুকুট থাকলেও জন্মের মুহূর্ত থেকেই সে তার হৃদয়ের রানির আসনে বসে আছে।
পোস্টের শেষাংশে মেয়ের উজ্জ্বল, জাদুময় ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে অভিনেতা লেখেন, ‘শুভ প্রথম জন্মদিন, আমার মিষ্টি ছোট্ট মেয়ে! তোমার জীবন যেন সব সময় তোমার মতোই উজ্জ্বল, জাদুময় ও মূল্যবান হয়।’






