শীত মৌসুমে কিছু মন্ত্রণালয়ে এয়ার কন্ডিশনার বন্ধ রাখার নির্দেশ

একজন ব্যক্তির হাতে থাকা রিমোট দিয়ে এয়ার কন্ডিশনার নিয়ন্ত্রণ করা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
আসন্ন শীত মৌসুমে ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চার মাস এয়ার কন্ডিশন (এসি) ব্যবহার না করতে তিনটি মন্ত্রণালয় ও তাদের অধীনস্থ সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (২৮ অক্টোবর) এসব মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন।
মন্ত্রণালয়গুলো হলো- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়।
এতে বলা হয়, দেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। এই পদক্ষেপ সেচের জন্য বিদ্যুতের সরবরাহ বৃদ্ধি, সারের উৎপাদন বৃদ্ধি এবং শিল্পে গ্যাস সরবরাহ বাড়াতে সহায়তা করবে।
সবার সহযোগিতা কামনা করে বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সব মন্ত্রণালয়কে বিদ্যুৎ ব্যবহার ২৫ শতাংশ কমানোর নির্দেশনা জারি করা হয়েছে।






