রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, রোববার (২৩ ফেব্রুয়ারি) বরিশাল চরমোনাই পীরের মাহফিল থেকে লালমনিরহাটের দিকে ফিরছিল যাত্রীবাহী বাস রোজিনা পরিবহন। সকাল ৮টার দিকে বাসটি নগরীর ২৯নং ওয়ার্ডের কলাবাড়ি আনোয়ারুল উলুম কুরআন একাডেমির সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ভুট্টাক্ষেতে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে লালমনিরহাট আদিমারী পাগলারচর এলাকার ফজলার রহমানের ছেলে মোহাম্মদ আলী নিহত হন। এ ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মাহিগঞ্জ থানার এসআই সুলতান মিয়া বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর থেকে গাড়ির চালক ও হেল্পার পলাতক রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এদিকে বিকেলে রংপুর নগরীর লালবাগ এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মনিরুল ইসলাম জীবন (২২) নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। জীবন কুড়িগ্রাম জেলার উলিপুরের আসর আলীর ছেলে। এ ঘটনায় গুরুতর আহত মামুনুর রশীদকে (৪৫) উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামনুর রশীদ মাহিগঞ্জের রফিকুল বসুনিয়ার ছেলে।
মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, নিহত দুজনের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। লাশ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।







