সাঈদ পান্থ, বরিশাল প্রতিনিধি:
বরিশাল নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কের ছয়মাইল এলাকায় বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার দুপুর ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
শনিবার ১৫ জুলাই বিকেল ৪টার দিকে মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী মেহরাব জানান, একটি বাস ঢাকা থেকে বরিশালের নথুল্লাবাদ টার্মিনালের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা নগরীর শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বরিশাল মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ও তাদের নাম পরিচয় এখনও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (দক্ষিণ) মোহাম্মদ বাহাউদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।








