হিমালয়ের ‘ফার্চামো’ পর্বত শিখরে অভিযান শুরু করতে যাচ্ছেন বাংলাদেশের তিন পর্বতারোহী। ২১ দিনের এই অভিযানে আগামী মঙ্গলবারই নেপালের উদ্দেশে ঢাকা ছাড়ছেন তারা।
শনিবার ২১ অক্টোবর বিকেল ৪টায় এই অভিযান উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে পতাকা-প্রদান এবং এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী অতিথি হিসেবে পতাকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অভিযানের দলনেতা এম এ মুহিত এবং অভিযাত্রী বাহলুল মজনু ও নুরুননাহার নিম্নি অতিথিদের কাছ থেকে জাতীয় পতাকা গ্রহণ করেন।
২০ হাজার ৩০০ ফুট উঁচু ‘ফার্চামো’ পর্বতশিখর এভারেস্ট-এর দক্ষিণ-পশ্চিমে নেপালের রোলওয়ালিং হিমালয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের পর্বতারোহী দল ২৪ অক্টোবর নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করে ২১ দিনের অভিযানে ‘ফার্চামো’ শিখর আরোহণ করবেন।

এই অভিযানের দলনেতা এম এ মুহিত দু’বার এভারেস্ট আরোহণ করেন এবং বাহলুল মজনু একটি সাত হাজার মিটার চূড়াসহ হিমালয়ের একাধিক পর্বত আরোহণ করেছেন। নুরুননাহার নিম্নি ভারতে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ শেষ করে প্রথমবারের মতো অভিযানে যোগ দিচ্ছেন।
‘ফার্চামো’ পর্বতশিখর অভিযানটি পরিচালনা করছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। স্পন্সর করছে ইসপাহানি টি লিমিটেড। বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ২০ শতাংশ ছাড়ে অভিযাত্রীদের ঢাকা-কাঠমুন্ডু-ঢাকা বিমান টিকেট দিয়েছে।
অভিযানের স্পন্সর ইস্পাহানি টি লিমিটেডের উইং ম্যানাজার এ এস এম হাসান বিশেষ অতিথি হিসেবে পতাকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক সাংবাদিক সম্মেলন পরিচালনা করেন।







