ইয়েমেনে হুথিদের ওপর ২৪ ঘণ্টায় ২৭৫০ হামলা, হতাহত ১৪০০

ছবি: সংগৃহীত
ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫০টির বেশি সুনির্দিষ্ট হামলা চালানোর দাবি করেছে দেশটির স্বীকৃত সরকার। এসব হামলায় ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীর ১ হাজার ৪০০ জনের বেশি যোদ্ধা হতাহত হয়েছেন বলে জানিয়েছে সরকার। হুথিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।
ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ডন অব ইয়েমেন’ নামে পরিচালিত অভিযানের আওতায় হুথিদের নিয়ন্ত্রিত এলাকার গভীরে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। অভিযানের লক্ষ্য হলো হুথিদের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং তাদের দখলে থাকা এলাকাগুলো পুনরুদ্ধার করা।
আল-নুজাইলি আরও দাবি করেন, স্থলবাহিনী হুথিদের প্রতিরক্ষাব্যূহ ভেঙে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান পুনর্দখল করেছে। একই সঙ্গে অভিযানে অর্জিত অগ্রগতি ধরে রাখতে সক্ষম হয়েছে সরকারি বাহিনী। নির্ধারিত সামরিক পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
ইয়েমেন সরকার গত রোববার ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরুর ঘোষণা দেয়। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনরুদ্ধার এবং দেশটির সরকারি বাহিনীর কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করাই এ অভিযানের মূল লক্ষ্য।
তবে হামলার সংখ্যা এবং হুথি যোদ্ধাদের হতাহতের বিষয়ে ইয়েমেন সরকারের দেওয়া দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে হুথি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।






