দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেলা তিনটা পর্যন্ত সারাদেশে ২৭ শতাংশ ভোট পড়েছে বল জানিয়েছেন নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, এর মধ্যে ঢাকা বিভাগ ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ এবং খুলনায় ৩২ শতাংশ ভোট পড়েছে।
এছাড়া সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহী এবং রংপুর বিভাগে ২৬ শতাংশ করে ভোট পড়েছে। আর বরিশাল বিভাগে ভোট পড়েছে ৩১ শতাংশ। বিকেলে এক সংবাদ সম্মেলনে সচিব মি. আলম আরো বলেছেন, অনিয়মের কারণে সারাদেশে এ পর্যন্ত সাতটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে । একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মোট ১৫ জনকে জাল ভোটের কারণে আটক ও জরিমানা করা হয়েছে।
এবারের নির্বাচনে এক হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে আওয়ামী লীগসহ ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ৪৩৬ জন। সারা দেশে ৪২ হাজার ২৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি নেয়া হয়। ইসির প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার তথ্য অনুসারে, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৭৬ লাখ ও নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ। আর তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৯ জন










