দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় গত ৭ জানুয়ারি ভোটের প্রক্রিয়া বাতিল হয়। সেই ভোট আজ অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোটকেন্দ্রের নিরাপত্তায় সাধারণ কেন্দ্রে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও ব্যাটেলিয়ন আনসারে ১৬ জনের ফোর্স নিয়োজিত রাখা হয়েছে। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত রয়েছে ১৭ জনের ফোর্স।
নওগাঁ-২ আসনের ভোট কেন্দ্র গুলোর নিরাপত্তায় নিয়োজিত আছে আইন-শৃঙ্খলা বাহিনী। ভোট চলাকালীন ৩১টি মোবাইল এবং ৭টি স্ট্রাইকিং এপিবিএন ও ব্যাটেলিয়ন আনসার ফোর্স দায়িত্ব পালন করছেন। সাথে আরও দায়িত্বে আছেন ৪টি র্যাব ও ৮টি প্লাটুন বিজিবি টিম। এছাড়া আটজন নির্বাহী ও দুইজন বিচারিক ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন।
ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ গোলাম মাওলা এবং পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এখন পর্যন্ত ভোট কেন্দ্রে কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
নওগাঁ-২ আসনে পত্নীতলা ও ধামইরহাটে ১৯ টি ইউনিয়ন পরিষদ এবং ২টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৩২ জন। এরমধ্যে নারী ভোটার সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৫৫৯ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৫৭২ জন। এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ জন। ১২৪টি কেন্দ্রের ৭০৬ টি কক্ষে ভোট গ্রহণ চলছে।








