ময়মনসিংহে দশম শ্রেণির শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও দুই আসামিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আকাশের সঙ্গে জেসমিন নামে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ২০২১ সালের ১৯ মে রাতে জেসমিনের বাসায় যাওয়ার পর থেকে আকাশ নিখোঁজ হন। দুই দিন পর একটি পরিত্যক্ত টয়লেটের পাশ থেকে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আকাশের বাবা আকরাম হোসেন কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামি এনামুল ও নাজমুলকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে জিয়াউল ও জুলহাসকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

