কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষের ছবি, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষের ফলে আহত ও নিহতের ঘটনা, স্থানীয় মানুষজন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার আলী আকবরী এলাকার নাহার ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়ন এলাকার জুতা ব্যবসায়ী হেলাল ভূঁইয়া (৫০), একই উপজেলার দাড়িয়াকান্দি এলাকার সিএনজি চালক। তবে তার নাম জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভৈরবের দিকে যাওয়া একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হন। এছাড়া আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। নিহতদের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বিষয়:অটোরিকশা কিশোরগঞ্জ নিহত ২ মাইক্রোবাস সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…