ভারতের উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে ভয়াবহ মেঘ ভাঙন ও টানা ভারী বর্ষণে অন্তত ১৭ জন নিহত এবং ১৩ জন নিখোঁজ হয়েছেন। সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে নদীগুলো উত্তাল হয়ে পড়েছে, প্লাবিত হয়েছে আশপাশের এলাকা, ধসে পড়েছে সেতু, রাস্তা ও ঘরবাড়ি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।
রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) জানিয়েছে, কেউ নদীর স্রোতে ভেসে, আবার কেউ ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। আসান নদীতে ভেসে যাওয়া ১৩ জনের মধ্যে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ভূমিধসে দোকান-হোটেল ভেঙে গেছে, সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ আটকা পড়েছেন।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও পরিস্থিতির খোঁজ নিয়েছেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় প্রশাসন সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে। এদিকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার অভিযান, তবে নিখোঁজদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।







