বিনোদন

সিনেমায় সমাজ সচেতনতা, বিজয়ের ১৫ কোটি টাকা অনুদান!

সিনেমায় সমাজ সচেতনতা, বিজয়ের ১৫ কোটি টাকা অনুদান!

তামিল চলচ্চিত্রশিল্পের জন্য বড় আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে নির্মিত ২২৪টি তামিল সিনেমার জন্য দীর্ঘদিন ধরে আটকে থাকা সরকারি অনুদান ছাড় করা হয়েছে। এসব ছবির প্রযোজকদের জন্য মোট ১৫ কোটি ৬৮ লাখ রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ছবির বিপরীতে সাত লাখ রুপি করে পাবেন সংশ্লিষ্ট প্রযোজকেরা।

চেন্নাইয়ের চেপকে কালাইভানার অরঙ্গমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রযোজকদের হাতে অনুদানের চেক তুলে দেন তামিলনাড়ুর স্কুলশিক্ষা, তামিল উন্নয়ন, তথ্য ও প্রচারমন্ত্রী আর রাজমোহন। মুখ্যমন্ত্রী বিজয়ের নির্দেশেই দীর্ঘদিন ধরে আটকে থাকা এই অর্থ বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

সামাজিক সচেতনতা তৈরি এবং গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা স্বল্প বাজেটের তামিল সিনেমা নির্মাণে উৎসাহ দিতে রাজ্য সরকার এই অনুদান প্রকল্প চালু করেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি এস কে কৃষ্ণনের নেতৃত্বাধীন একটি নির্বাচন কমিটি আবেদন করা ছবিগুলো পর্যালোচনা করে। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত আট বছরে প্রতি বছর ২৮টি করে মোট ২২৪টি ছবি অনুদানের জন্য নির্বাচিত হয়।

অনুষ্ঠানে মন্ত্রী রাজমোহন বলেন, তামিল সিনেমা মানুষের জীবন, সংস্কৃতি, আবেগ ও সামাজিক সমস্যার প্রতিফলন ঘটানোর পাশাপাশি সমাজে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ প্রসঙ্গে নারী ভ্রূণহত্যা ও কন্যাশিশু হত্যার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ভারতীরাজার ‘করুত্থাম্মা’ ছবির অবদানের কথাও উল্লেখ করেন তিনি। বাণিজ্যিক সাফল্যের বাইরে গিয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিনেমা নির্মাণ করা প্রযোজকদের প্রশংসা করেন মন্ত্রী।

তিনি আরও জানান, ভবিষ্যতে তামিল সিনেমার রাষ্ট্রীয় পুরস্কার, কলাইমামানি সম্মাননা ও সরকারি অনুদান যোগ্যতা, সততা এবং স্বচ্ছতার ভিত্তিতে দেওয়া হবে। চলচ্চিত্রশিল্পের উন্নয়ন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন সমস্যা সমাধানেও সরকার কাজ করবে।

এদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর অনুদানের অর্থ ছাড় হওয়ায় মুখ্যমন্ত্রী বিজয় ও সংশ্লিষ্ট মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রযোজক টি শিবা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, সাত বছর ধরে আটকে থাকা এই অনুদান ২২৪ জন প্রযোজকের জীবনে নতুন আশার সঞ্চার করেছে।

এই আর্থিক সহায়তাকে ‘দীপাবলির উপহার’ হিসেবে উল্লেখ করে টি শিবা বলেন, উপকৃত প্রযোজকদের প্রায় ৯০ শতাংশই সিনেমা নির্মাণ করতে গিয়ে জীবিকা হারিয়েছেন। তাদের জন্য এই অর্থ নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করবে। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় ও মন্ত্রী আর রাজমোহনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ২২৪ জন প্রযোজক এবং তাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি। হিন্দুস্তান টাইমস

বিষয়:তামিল সিনেমা থালাপতি বিজয় বিজয় মুখ্যমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…