আর মাত্র দুই দিন, অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জন নয়াগণ’। রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে এটিকেই অভিনেতা বিজয়ের শেষ চলচ্চিত্র হিসেবে দেখা হচ্ছে।
আর এ কারণেই ছবিটি ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। তবে অগ্রিম টিকিট বিক্রিতে দারুণ সূচনা করলেও নিজের আগের দুই সুপারহিট ছবি ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম (গোট)’-এর রেকর্ডের পেছনেই রয়েছে সিনেমাটি।
স্যাকনিল্কের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) সকাল পর্যন্ত ভারতের বাজারে ‘জন নয়াগণ’-এর প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ১৫ কোটি ৯ লাখ রুপি (ব্লক বুকিংসহ)।
এর মধ্যে তামিল সংস্করণ থেকেই এসেছে সবচেয়ে বেশি আয়। প্রায় ৪ লাখ ১৮ হাজার টিকিট বিক্রি হয়েছে ৫ হাজারের বেশি শোয়ের জন্য, যার মাধ্যমে আয় হয়েছে ১০ কোটি ২২ লাখ রুপির বেশি। অন্যদিকে তেলুগু সংস্করণ থেকে এসেছে মাত্র ১২ লাখ রুপি, আর হিন্দি সংস্করণের আয় ৩০ হাজার রুপিরও কম।
রাজ্যভিত্তিক আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে তামিলনাড়ু, যেখানে অগ্রিম বুকিং থেকে এসেছে প্রায় ৬ কোটি ৭৪ লাখ রুপি। এরপর রয়েছে কর্ণাটক (৪ কোটি ৮৮ লাখ) এবং কেরালা (১ কোটি ৮০ লাখ রুপি)।
গত ১৯ জুলাই টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেলেও, প্রত্যাশার মতো মুহূর্তের মধ্যে সব শো হাউসফুল হয়নি। তবে বুকিংয়ের গতি ধীরে ধীরে বেড়েছে।
এই মুহূর্তে অগ্রিম বুকিংয়ের হিসাবে বিজয়ের আগের দুটি ছবি এখনও এগিয়ে। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘গোট’ প্রথম দিনের জন্য অগ্রিম বুকিং থেকেই আয় করেছিল ২৯ কোটি ৮৩ লাখ রুপি। অন্যদিকে ২০২৩ সালের ব্লকবাস্টার ‘লিও’-র প্রথম দিনের অগ্রিম বুকিং ছিল ৪৬ কোটি ৩৬ লাখ রুপি (ব্লক বুকিং ছাড়া)।
তবে বিশ্লেষকদের ধারণা, মুক্তির আগের শেষ মুহূর্তে টিকিট বিক্রি আরও বাড়তে পারে। বর্তমান প্রবণতা অনুযায়ী, ভারতে প্রথম দিনে ৫০ থেকে ৬০ কোটি রুপি আয় করতে পারে ছবিটি।
এখন দেখার বিষয়, এই রাজনৈতিক অ্যাকশনধর্মী সিনেমাটি বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ে রজনীকান্ত অভিনীত ‘কুলি’-র ১৫১ কোটি রুপির রেকর্ড ছুঁতে বা অতিক্রম করতে পারে কি না।
এইচ. ভিনোথ পরিচালিত ‘জন নয়াগণ’-এ বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, প্রিয়ামণি, নারায়ণ ও নাসার। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। ইন্ডিয়ান এক্সপ্রেস







