আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দুই বন্দুক হামলায় নিহত ১৪

যুক্তরাষ্ট্রে দুই বন্দুক হামলায় নিহত ১৪

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় জর্জিয়া অঙ্গরাজ্যের ডগলাস শহরের একটি বাড়িতে বন্দুক হামলায় পাঁচজন নিহত হন। শনিবার ডগলাস পুলিশ বিভাগ জানায়, শুক্রবার রাতে গুলির ঘটনা ঘটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গুলিবিদ্ধ পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়।

একই দিন সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরি শহরে আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটে। এ ঘটনাকে ‘মর্মান্তিক গণগুলির ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে হামলাকারীসহ নয়জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে দুটি শিশু ও এক অন্তঃসত্ত্বা নারী রয়েছেন।

ইরি শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীসহ নয়জনের মৃত্যু হয়। পুলিশ পৌঁছানোর পর আর কোনো গুলির ঘটনা ঘটেনি।

কর্তৃপক্ষ আরও জানায়, শটস্পটার নামের একটি প্রযুক্তিনির্ভর শনাক্তকরণ ব্যবস্থার মাধ্যমে পুলিশকে এ ঘটনার বিষয়ে সতর্ক করা হয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিভিন্ন স্থানে স্থাপন করা মাইক্রোফোন ব্যবহার করে সম্ভাব্য গুলির শব্দ শনাক্ত করে এ ব্যবস্থা। তবে গোলাগুলির ঘটনা শনাক্তে এ প্রযুক্তির ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে।

পৃথক দুই ঘটনায় নিহতের সংখ্যা ১৪ হলেও হামলার উদ্দেশ্য এবং ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে প্রতিবেদনে কোনো তথ্য জানানো হয়নি।

বিষয়:বন্দুক হামলা যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা শটস্পটার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…