ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ-এর টানা বিমান হামলায় আবারও রক্তাক্ত হলো ফিলিস্তিনের গাজা উপত্যকা। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা থেকে শুক্রবার (১৭ মে) সন্ধ্যা পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ১১৫ জন ফিলিস্তিনি। এতে ১৮ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়েছে।
আল জাজিরা জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, একদিনে আহত হয়েছেন আরও ২১৬ জন। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে আছেন বলে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফা অভিযানে গাজায় প্রাণহানির সংখ্যা আবারও বাড়ছে।
ইসরায়েলি বাহিনীর বোমা হামলার মুখে আশ্রয়স্থল ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। শুক্রবার সকাল থেকে গাজায় দেড়শ’র বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আইডিএফ। হামলার পাশাপাশি গত ২ মার্চ থেকে গাজায় কোনো ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। এর ফলে সেখানে খাবার পানিসহ জরুরি পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর প্রথম দফায় দীর্ঘ ১৫ মাস ধরে অভিযান চালায় আইডিএফ। এতে গাজায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ১১৯ জন এবং আহত হয়েছেন ১ লাখ ২০ হাজার ২১৪ জন। এসব হতাহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে অনুপ্রবেশ করে হামাস যোদ্ধারা। হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ওই ঘটনার প্রতিক্রিয়ায় গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।







