পাকিস্তানের বেলুচিস্তানের নুশকি জেলায় সন্ত্রাসীদের বন্দুক হামলায় অন্তত ১১ জন মারা গেছেন।
এনডিটিভি জানিয়েছে, এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের ধরতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত আটটার দিকে বেলুচিস্তান প্রদেশের নুশকি শহরের কাছে ছয় বন্দুকধারী একটি বাস থামিয়ে লোকজনের পরিচিয়পত্র চেক শেষে পাঞ্জাবের পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে আসা নয় অভিবাসী শ্রমিককে অপহরণ করে। স্থানীয় পুলিশের সিনিয়র কর্মকর্তা আল্লাহ বকশ বলেছেন, পরে মহাসড়ক থেকে দুই কিলোমিটার দূর থেকে এসব শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
আল্লাহ বকশ বলেন, একই হামলাকারীরা পরে প্রাদেশিক সংসদ সদস্যের একটি গাড়ি লক্ষ্য করেও গুলি চালায়। ওই আইনপ্রণেতা তখন গাড়িতে ছিলেন না তবে গাড়িটি খাদে পড়ে গেলে ভিতরে থাকা দুজন নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, বন্দুকধারীরা বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের পদ্ধতিতেই হামলা করেছে। এই হামলার পেছনে কারা ছিল, তা নিশ্চিত করার জন্য তদন্ত শুরু হয়েছে।
নুশকি জেলা প্রশাসনের কর্মকর্তা হাবিবুল্লাহ মুসাখাইল বলেছেন, ঘটনার পরপরই পুলিশ ও আধাসামরিক বাহিনী হামলাকারীদের ধরতে চিরুনি অভিযান শুরু করে। কিন্তু তারপরও হামলাকারীরা ওই সময়ে পালিয়ে যেতে সক্ষম হয়। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার রাতের এ হামলাকে সন্ত্রাসী ঘটনা হিসেবে উল্লেখ করে বলেছেন, দায়ীদের শাস্তির আওতায় আনা হবে।







