ইউক্রেনে-রাশিয়া যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানি ব্যয় বৃদ্ধির পর বিশ্বজুড়ে এক চতুর্থাংশ শিশু চলতি বছর দারিদ্র্যের মধ্যে বসবাস করবে বলে জানিয়েছে নেদারল্যান্ডস ভিত্তিক সংস্থা ‘কিডসরাইটস ইনডেক্স’।
এনডিটিভি জানায়, কিডসরাইটস ইনডেক্স হল একমাত্র সংস্থা যারা ‘কীভাবে শিশুদের অধিকারকে সম্মান করা হয়’, তা নিয়ে কাজ করে থাকে। বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে সুইডেন, ফিনল্যান্ড এবং আইসল্যান্ডকে এই বছর কিডসরাইটস ইনডেক্সে সেরা হিসেবে বিবেচনা করা হয়েছে। অন্যদিকে চাদ, দক্ষিণ সুদান এবং আফগানিস্তান রয়েছে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে।
কিডসরাইটসের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের যুদ্ধের পর বিশ্বজুড়ে প্রতি চারজন শিশুর মধ্যে একজন এই বছর দারিদ্র্যসীমার নিচে বসবাস করবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের প্রায় ৭৫ লাখ শিশু যুদ্ধের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘের সংস্থাগুলোর সরবরাহকৃত পরিসংখ্যানের ওপর ভিত্তি করে কিডসরাইটস আরও জানায়, শিশুরা জলবায়ু পরিবর্তন এবং কোভিড মহামারি কারণে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। মহামারির পরে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবাতেও একটি নেতিবাচক প্রভাব পড়েছিল, বিশেষ করে টিকাদানের ওপর। এর কারণে ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে মোট ৬ কোটি ৭০ লাখ শিশু নিয়মিত টিকা গ্রহণ করা থেকে বঞ্চিত হয়েছে। তাছাড়া জলবায়ু পরিবর্তন একটি বিশাল উদ্বেগ হিসেবে রয়ে গেছে, বিশেষ করে এশিয়ার দেশগুলোতে।
কিডসরাইটসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মার্ক ডুলায়ার্ট বলেছেন, এই বছরের প্রতিবেদনটি সবচেয়ে উদ্বেগজনক। আমাদের পরবর্তী প্রজন্ম প্রতিটি মোড়ে সুবিধাবঞ্চিত হচ্ছে। তিনি রাষ্ট্র এবং সাহায্য সংস্থাগুলোকে এই বিপর্যয় থেকে শিশুদের রক্ষা করতে এবং আরও ইতিবাচক এবং আশাবাদী ভবিষ্যতের পথ প্রশস্ত করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।







