হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫ কেজি সোনাসহ তিন মালয়েশীয় নাগরিককে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আটক ব্যক্তিরা হলেন; হি বুয়ি খং(৩৮), জোহারি বিন হারুন (৪১) ও মোহাম্মদ আজওয়ান বিন সালিহিন (২১)।
শনিবার দুপুরে তাদের সোনাসহ আটক করা হয় বলে ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. শহীদুজ্জামান সরকার নিশ্চিত করেন।
তিনি বলেন, জব্দ করা ৪৫ কেজি সোনার মূল্য প্রায় ২৭ কোটি টাকা। তারা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১০২ নম্বর ফ্লাইটে করে ঢাকায় আসে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমানের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটা থেকে বিমানবন্দরে নজরদারি করছিলেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই তিন বিদেশী মালয়েশিয়া এয়ারলাইন্সে করে কুয়ালালামপুর থেকে আসেন। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তাদের দেহ তল্লাশ করার পরে সোনার বারগুলো পাওয়া যায়।
সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকারের নেতৃত্বে ঢাকা কাস্টম হাউস এ অভিযান চালায়।







