হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ১০৩টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের শুল্ক গোয়েন্দারা।
আটক যাত্রীর নাম আব্দুস সালাম। তার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুরে।
সোমবার রাত পৌনে ১১টার দিকে ওই যাত্রীর দেহ তল্লাশি করে স্বর্ণ পাওয়ার পর তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন: সিঙ্গাপুর থেকে আসা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এসকিউ ৪৪৬) রাত ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে বিমানে আসা যাত্রী মো. আব্দুস সালামকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে কাস্টমস গোয়েন্দারা।
পরে আব্দুস সালাম গ্রিন চ্যানেল অতিক্রমের পর, তার কাছে স্বর্ণের বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পরে আর্চওয়ে মেশিনের মাধ্যমে চেকিং করা হলে আব্দুস সালামের প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়।
এরপরে প্যান্টে লুকায়িত অবস্থায় সাদা রঙের স্কচটেপে মোড়ানো ২টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ২টি প্যাকেট থেকে ১০৩ টি স্বর্ণবার পাওয়া যায়।
অথেলো চৌধুরী বলেন, প্রাপ্ত প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম ও আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৫ লাখ টাকা। আব্দুস সালামকে বিমানবন্দর থানায় সোপর্দ করা প্রক্রিয়াধীন।










