টানা দুই ম্যাচে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়লেন তৌহিদ হৃদয় ও অমিত হাসান। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডেও বিসিবি দক্ষিণাঞ্চলেরর দুই মিডলঅর্ডার ব্যাটার পেলেন শতকের দেখা।
চট্টগ্রামে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে তৃতীয় উইকেট জুটিতে দুজনে যোগ করেছেন ২০১ রান। ১৫৫ বলে ১২২ রানের ইনিংস খেলে আউট হন হৃদয়। মারেন ১৩টি চার ও চারটি ছক্কা। তিনি আগের ম্যাচ খেলেন ২১৭ রানের ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম শতককে ডাবলে রূপ দেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী যুবা।
অমিত খেলেন ম্যারাথন ইনিংস। ২৭৫ বল মোকাবেলায় করেন ১১৭ রান। মারেন ১৭টি চার।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে তৃতীয় দিনের শেষ সেশনের খেলা। দুই সেঞ্চুরিতে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৪ উইকেটে ৩১৩ রান। দলটির ওপেনার পিনাক ঘোষের ব্যাট থেকে আসে ৭৪ রানের ইনিংস।
সৌম্য সরকারের ১৫০ ও শুভাগত হোম চৌধুরীর ১৫২ রানের দাপুটে ব্যাটিংয়ে মধ্যাঞ্চল প্রথম ইনিংসে করে ৪৮১ রান। হৃদয় ও অমিতের প্রতিরোধে ড্রয়ের দিকে নিয়ে যাচ্ছে ম্যাচের ফল।








