নতুন অধিনায়ক নাহিদাকে যা বললেন সদ্যসাবেক জ্যোতি

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্ট চলাকালীন টি-টুয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নিগার সুলতানা জ্যোতি। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন স্পিনার নাহিদা আক্তার। তার ডেপুটির দায়িত্ব পেলেন ব্যাটার সোবহানা মোস্তারি। অধিনায়কত্ব পাওয়ায় নাহিদাকে অভিবাদন জানিয়েছেন জ্যোতি।
রোববার বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানান নাহিদা ও মোস্তারির দায়িত্ব পাওয়ার কথা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে নাহিদাকে শুভেচ্ছাবার্তা দেন জ্যোতি।
জ্যোতি বলেছেন, ‘টি-টুয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদাকে আন্তরিক অভিনন্দন। নতুন এই দায়িত্বে তার জন্য রইল অনেক শুভ কামনা। বিশ্বাস করি, নিজের সামর্থ্য ও নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ভূমিকা পরিবর্তন হলেও দলের জন্য এখনও একই দায়িত্ব রয়েছে, জানান জ্যোতি। বলেছেন, ‘দলে আমাদের ভূমিকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের লাল-সবুজ পতাকার প্রতি আবেগ একই আছে, আমাদের লক্ষ্যও একই- বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’
জ্যোতি জানান দলের প্রয়োজনে নাহিদাকে সর্বোচ্চ সহযোগীতা করবেন। বলেছেন, ‘একজন সতীর্থ হিসেবে নাহিদার পাশে আছি, থাকব। দলের সাফল্যের জন্য আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা করতে সবসময় প্রস্তুত। আমরা একসঙ্গে অনেকটা পথ পাড়ি দিয়েছি। সামনে বাংলাদেশের জার্সিতে একসঙ্গে আরও অনেক সাফল্যের গল্প লিখতে চাই।’
২৫ বর্ষী নাহিদা বাঁহাতি স্পিনার, খেলেছেন ১১৩ টি-টুয়েন্টি, নিয়েছেন ১৩২ উইকেট। আর ৬৫ ওয়ানডে খেলে ৮১ উইকেট শিকার করেছেন। ২৪ বর্ষী মোস্তারি ডানহাতি মিডলঅর্ডার ব্যাটার, খেলেছেন ৭২ টি-টুয়েন্টি, রান করেছেন এক হাজারের বেশি। আর ৩৬ ওয়ানডে খেলে রান করেছেন ছয়শর উপরে।
সব ঠিক থাকলে নিউজিল্যান্ডের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে নাহিদার নতুন অধ্যায় শুরু হবে। আসছে ১০ ডিসেম্বর কিউইদের মাঠে তিন ম্যাচের সিরিজে প্রথম টি-টুয়েন্টিতে নামবে বাংলাদেশ।
২০২২ সালে টি-টুয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার পর থেকে দুই সংস্করণে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলছিলেন জ্যোতি। তার অধিনায়কত্বে উল্লেখযোগ্য সাফল্য আসে ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে একদশক পর বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচসহ পুরো আসরে ব্যাট ও গ্লাভস হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জ্যোতি। ৪ ইনিংসে ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে করেন ৭টি ডিসমিসাল।






