ক্রিকেট

টেইলর-আরভিনে বাংলাদেশের সামনে জিম্বাবুয়ের লড়াকু পুঁজি

টেইলর-আরভিনে বাংলাদেশের সামনে জিম্বাবুয়ের লড়াকু পুঁজি

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে শুরুটা ভালোই পেয়েছিল বাংলাদেশ। ২৪ রানে ৩ উইকেট তুলে নিয়ে চাপে ফেলেছিল বেশ। তবে ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেইলরের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। শেষ অবধি লড়াকু পুঁজি পেয়েছে তারা, বাংলাদেশকে লক্ষ্য দিয়েছে ২৭২ রান।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৭১ রানের সংগ্রহ গড়ে তারা।

আগে ব্যাটে নামা জিম্বাবুয়ের শুরুটা ভালো হয়নি। ২৪ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। ব্রায়ান বেনেট (০), বেন কারেন (৬) ও তাফাদজওয়া সিগাকে (১৬) ফেরান তাসকিন আহমেদ।

জিম্বাবুয়েকে চাপ থেকে টেনে তোলেন ব্রেন্ডন টেইলর ও ক্রেইগ আরভিন। চতুর্থ উইকেট জুটিতে দুজনে যোগ করে ১৭৬ বলে ১৫০ রান। ৩৬.২ ওভারে দলীয় ১৭৪ রানে জুটি ভাঙেন সাইফ হাসান। ১০ চারে ১০১ বলে ৮১ রান করে ফেরেন টেইলর।

৪২.৪ ওভারে দলীয় ২২০ রানে ওয়েসলি মাধেভেরেকে ফেরান রিশাদ। ১৫ বলে ১৭ রানে ফেরেন সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে। ৪ রান যোগ করতেই সপ্তম উইকেট হারায় জিম্বাবুয়ে। সেঞ্চুরির পথেই ছিলেন ক্রেইগ আরভিন। তবে ৭ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাকে। শরিফুলের বলে সোহানের গ্লাভসে ক্যাচ দেন। ৯ চারে ১০৬ বলে ৯৩ রান করেন।

৪৫.৪ ওভারে ব্রেড ইভানসকে দ্বিতীয় শিকার বানান শরিফুল। ৯ বলে ৫ রান করেন।

পরে নিউম্যান নিয়ামুরি ও ওয়েলিংটন মাসাকাদজা মিলে ইনিংস শেষ করেন। যোগ করেন ২৬ বলে ৩৭ রান। নিয়ামুরি ১৭ বলে ২১ রানে এবং মাসাকাদজা ১৫ বলে ২১ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৩ উইকেট নেন। শরিফুল ও সাইফ হাসান নেন দুটি করে উইকেট। রিশাদ নেন ১ উইকেট।

বিষয়:আবুধাবি আরভিন জিম্বাবুয়ে টেইলর ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…