সিরিয়া ইস্যুতে হিলারি ক্লিনটনের পররাষ্ট্রনীতি তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
তার মতে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা ছেড়ে দিতে বারবার অনুরোধ করার চেয়ে যুক্তরাষ্ট্রের উচিৎ জঙ্গি সংগঠন আইএস দমনে মনোযোগ দেয়া।
প্রচারণা র্যালিতে ডোনাল্ড ট্রাম্প এমন ভঙ্গিতে সিরিয়া সমস্যা নিরসনে হিলারির পরিকল্পনার সমালোচনা করেছেন, যেন পৃথিবীর ধ্বংস আসন্ন। বক্তব্যে ট্রাম্প বলেন, “আপনারা যদি হিলারির কথা শোনেন তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধা ছাড়া গতি নেই।”
ট্রাম্প যুক্তি দেখিয়ে বলেন, “কারণ আপনারা শুধু সিরিয়ার সঙ্গে এখন আর লড়ছেন না। লড়ছেন সিরিয়া, রাশিয়া আর ইরানের সঙ্গে। রাশিয়া একটি পারমাণবিক শক্তির দেশ। এটি এমন একটি দেশ, যারা অন্য দেশের কথার জবাব নিউক্লিয়ার বোমা মেরে দিতে পারে।”

ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী এবং ওবামা সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বেশ কিছু সময় ধরেই সিরিয়ার ওপর দিয়ে নো-ফ্লাই জোন ঘোষণা করার প্রস্তাব দিয়ে আসছেন।
কেউ কেউ মনে করছেন, এতে রাশিয়ান বিমানগুলো সেখান দিয়ে চলাচলের ব্যাপারে বাধা পাবে এবং এতে দেশটির সঙ্গে দ্বন্দ্ব-সংঘাতের সৃষ্টি হতে পারে।
ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হিলারি প্রেসিডেন্ট হলে কখনোই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে পারবেন না। “তিনি (হিলারি) কীভাবে সেই মানুষটার কাছে গিয়ে তার সঙ্গে আলোচনা করবেন, সমঝোতায় যাবেন, যার সম্পর্কে তিনি সবার কাছে এতটা খারাপ কথা বলে বেড়াচ্ছেন?” প্রশ্ন রাখেন রিপাবলিকান প্রার্থী।
তবে হিলারির প্রচারণা দলের অভিযোগ, এসব কথা বলে ট্রাম্প ‘আমেরিকানদের ভয় নিয়ে খেলছে’।







