সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা, বিচার শুরু ১৫ ডিসেম্বর

ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আগামী ১৫ ডিসেম্বর মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
রোববার (২২ নভেম্বর) মামলার শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে পুলিশের এপিসি থেকে গুলি চালানোর সময় আসহাবুল ইয়ামিন পুলিশ সদস্যদের নিবৃত্ত করার অনুরোধ জানান। এ সময় তাকে গুলি করা হয়। পরে এপিসি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে দুই পুলিশ সদস্য তাকে সড়ক বিভাজকের ওপর দিয়ে ছুড়ে ফেলেন।
অভিযোগে আরও বলা হয়, সহযোদ্ধারা তাকে হাসপাতালে নিতে চাইলে বাধা দেওয়া হয়। ফলে বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী ও ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আসামিদের মধ্যে ছয়জন গ্রেপ্তার এবং ১৩ জন পলাতক রয়েছেন।






