কেমন আছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন অভিনেত্রী রোজিনা
ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমারের চিকিৎসায় আশার খবর

মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর দেড় বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতার শারীরিক অবস্থার আগের চেয়ে উন্নতি হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী রোজিনা। চিকিৎসকদের আশা, আরও দুই থেকে তিন মাস চিকিৎসা নিলে সুস্থ হয়ে দেশে ফিরতে পারবেন তিনি।
সম্প্রতি লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করেন রোজিনা। সাক্ষাতের পর এক ভিডিও বার্তায় অভিনেতার শারীরিক অবস্থার কথা জানান তিনি। এ সময় রোজিনার পাশেই বসে ছিলেন ইলিয়াস কাঞ্চন।
ভিডিও বার্তায় রোজিনা বলেন, ইলিয়াস কাঞ্চন অনেক মাস ধরে অসুস্থ। লন্ডনে মেয়ের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। তার স্ত্রী সবসময় দেখাশোনা করছেন। দেখা করতে গিয়ে আগের চেয়ে তাকে অনেক ভালো অবস্থায় পেয়েছেন বলে জানান রোজিনা।
তিনি আরও বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, আরও দুই থেকে তিন মাস চিকিৎসা নিলে ইলিয়াস কাঞ্চন আরও সুস্থ হয়ে উঠবেন এবং দেশে ফিরতে পারবেন। অভিনেতার দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান রোজিনা।
উল্লেখ্য, কেমোথেরাপি নেওয়ার পর গত আগস্টে ১০ দিনের জন্য দেশে এসেছিলেন ইলিয়াস কাঞ্চন। এরপর আবার লন্ডনে ফিরে যান তিনি।





