গুলশানের হলি আর্টিজান বেকারি ও রেষ্টুরেন্টে হামলার ২০ মিনিটের মধ্যে জঙ্গিরা বিদেশীদের হত্যা করে বলে দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক। অভিযান চালাতে আইন-শৃঙ্খলা বাহিনী দেরি করেনি বলেও দাবি তার।
জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ কমকর্তা এসি রবিউল করিম এবং ওসি সালাউদ্দিন খান স্মরণে রাজারবাগে আয়োজিত শোকসভায় পুলিশের মহাপরিদর্শক এ কথা বলেন।
পুলিশের শীর্ষ কর্মকর্তারা বলেন, গুলশান হামলার প্রেক্ষাপটে জঙ্গিবাদ দমনে সবাইকে নতুন করে ভাবতে হবে। জঙ্গিদের মদদদাতা ও অর্থদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার কথাও বলেন তারা।
ডিএমপি পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গিবাদের শিকড় তুলে ফেলার সময় হয়েছে। জঙ্গিবাদের যারা পৃষ্ঠপোষক, যারা স্যোশাল মিডিয়াতে নেগেটিভ পোস্ট করেছেন তারাই জঙ্গিবাদকে তৈরি করে। সেইগুলো আমরা বের করব, কারা কোনদিন মিসিং হয়েছে, কারা এদের ট্রেনিং দেয়, কারা এদের মদদ দেয় সেইগুলো নিয়ে এখন আমাদের কাজ করার সময় এসেছে।
র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, যারা এই ধরণের জঙ্গিবাদের পথে পা বাড়িয়েছেন তারা ফিরে আসুন। আমাদের সহযোগিতা করুন। স্যোশাল মিডিয়া হচ্ছে এই জঙ্গিবাদ প্রচার এবং প্রসারের একটি অন্যতম মিডিয়া। স্যোশাল মিডিয়াতে( ফেসবুক, টুইটার, ব্লগ) যদি কেউ কোনো ধরণের জঙ্গিবাদ প্রসারের কোনো ধরণের তথ্য পান সঙ্গে সঙ্গে আমাদের জানান। কারণ এটি আমাদের জাতীয় ভাবে মোকাবেলা করতে হবে।
পুলিশ মহাপরিদর্শক এ কে এ শহিদুল হক বলেন, সমাজের উচ্চবিত্ত পরিবারের ছেলেরা এখন জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়ছে। প্রত্যেক পরিবারের উচিত তাদের সন্তানদের উপর নজর রাখা। পরিবারের বাবা মার যদি কখনো সন্তানের গতি বিধি আচারর আচরণে সন্দেহ হয় সঙ্গে সঙ্গে যেন এ ব্যাপারে পদক্ষেপ নেয়। অভিভাবকরা লক্ষ্য রাখবেন তাদের সন্তানরা যেন জঙ্গি খপ্পরে না পরে, খপ্পরে পরে তাদের সন্তানরা যেন মগজ ধোলাই হয়ে বিপথে না যায়।
পুলিশ জানিয়েছে, জঙ্গি সন্দেহে আটক শাওনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাওন ছাড়াও নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক হাসনাত করিমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দা পুলিশ।







