ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর ১ মাসের স্থিতাবস্থার (স্ট্যাটাসকো) আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।
সেই সাথে এই ১ মাসের মধ্যে আদেশ প্রদানকারী হাইকোর্ট বেঞ্চকে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়েছে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন। আজকের এই আদেশের ফলে আপাতত ব্যাটারিচালিত রিকশা চলতে বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান। সেই সাথে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অনিক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন, নূর মুহাম্মদ আজমী ও আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব। অপর দিকে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। ফাইলিং ল’ইয়ার ছিলেন ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। আর নাগরিকদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
প্যাডেল চালিত রিকশা চালকদের গড়া ‘বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিক্সা মালিক ঐক্যজোট’র পক্ষ থেকে করা এক রিটের শুনানি শেষে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে রুলসহ নির্দেশ দেন।
ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের এই নির্দেশের পর গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন ব্যাটারিচালিত অটো রিকশাচালকরা। এতে রাজধানীর বিভিন্ন অংশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।








