গাজীপুরে স্বামী জাকির হোসেনকে হত্যার দায়ে তার স্ত্রী হাবিবার ফাঁসির রায় দেয়া হয়েছে। সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ.কে.এম এনামুল হক এ রায় দেন। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানার রায় দেয়া হয়।
মৃত্যুদণ্ডের রায় পাওয়া ঘাতক হাবিবা মুনসীগঞ্জ জেলার লৌহজং উপজেলার সামুর বাড়ির এলাকার হাবিবুর রহমান হাওলাদারের মেয়ে।
গাজীপুর আদালতের পিপি হারিছ উদ্দিন আহম্মদ জানান, জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় গত বছরের ১৮ মে সকালে স্বামী জাকির হোসেন (৪৬) কে তার স্ত্রী হাবিবা আক্তার (৩৩) পারিবারিক কলহের জের ধরে জের ধরে ঘুমের মধ্যে ধারালো ছুড়ি দিয়ে গলা কেটে হত্যা করে। হাবিবা স্বামীর লাশ ও সন্তানদের রেখে পালিয়ে যাওয়ার সময় পুলিশ হাবিবাকে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করে।
এ ব্যাপারে নিহতের বড় ভাই মোবারক হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি পুলিশ কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন। মামলার সাক্ষ্যপ্রমাণ গ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে তার ফাঁসির রায় দেয়া হয়।
নিহত জাকির গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার গুনাপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে। তিনি সফিপুর এলাকার মোসলেম উদ্দিনের বাড়িতে স্ত্রী হাবিবা আক্তার ও ৩ মেয়েকে নিয়ে ভাড়া থেকে যমুনা গ্রুপের সফিপুর যমুনা স্পিনিং ডিভিশনের রকটনের সিনিয়র স্টোর অফিসার হিসেবে চাকরি করেছিলেন।







