কাতালোনিয়া স্বাধীনতার সমর্থনে বুকে হলুদ ফিতা বেঁধে ডাগআউটে দাঁড়িয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) তোপের মুখে পড়েন পেপ গার্দিওলা। এজন্য তাকে সতর্কও করা হয়। একই কাজ করলে নিষেধাজ্ঞার হুমকিও শোনানো হয়েছিল।
কিন্তু সতর্কবাণী বা হুমকি, কোনটাতেই দমবেন না ম্যানচেস্টার সিটি কোচ। রোববার ইংলিশ লিগ কাপের ফাইনালে আর্সেনালকে হারিয়ে ইংল্যান্ডে প্রথম শিরোপা জিতেছেন গার্দিওলা। সেখানেই ম্যাচ শেষে বলেছেন, কাতালোনিয়ার স্বাধীনতা সমর্থন করে তিনি জরিমানা দিতেও প্রস্তুত।
গার্দিওলা বলেন, ‘আইন ভেঙে থাকলে আমি তার জন্য দেয়া জরিমানা মেনে নেব।’
বন্দিদের কথা উল্লেখ করে সিটিজেনদের বস বলেন, ‘সেখানে চারজন লোক জেলে রয়েছে। বাকিরা কাতালোনিয়ার বাইরে, ফিরলে তারাও জেলবন্দি হবে। একজন কোচের আগে আমি একজন মানুষ।’
ব্রেক্সিট ও স্কটল্যান্ডের প্রসঙ্গ টেনে ব্রিটিশ সাংবাদিকদের গার্দিওলা বলেন, ‘আপনারা তো ব্রেক্সিট করেছেন, স্কটল্যান্ডে গণভোট দিয়েছেন। এটা সেই জিনিস যা, তারা (জনগণ) চেয়েছিল।’
প্রথম শিরোপা জয়ের পর দলের প্রশংসা করেছেন গার্দিওলা। আরো শিরোপা টার্গেটে আছে তার, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে আমাদের একাধিক ট্রফি দরকার। সবাইকে অভিনন্দন।’








