আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ: চার শতাধিক ফ্লাইট বাতিল

বন্যা ও তুষারপাতে জনজীবন বিপর্যস্ত

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ: চার শতাধিক ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত বিস্তৃত ভয়াবহ ঝড়ে ৯ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ঝড়ের প্রভাবে উপকূলীয় বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। বন্ধ রাখা হয়েছে পূর্ব উপকূলের কয়েকটি সেতু ও সড়ক। ব্যাহত হচ্ছে বিমান ও রেল চলাচলও।

মধ্য-আটলান্টিক উপকূলীয় অঞ্চলে পানির উচ্চতা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে মধ্য-পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় ভারী তুষারপাতে চারপাশ ঢেকে গেছে সাদা চাদরে। পরে ঝড়টি দক্ষিণ দিকে সরে যায়।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থ্যাংকসগিভিং উৎসবের দিন ঝড়ের কারণে শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। আবহাওয়ার বিরূপ পরিস্থিতির কারণে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসির থ্যাংকসগিভিং প্যারেড ইতিহাসে প্রথমবারের মতো স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানটি শনিবার আয়োজনের কথা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিউ জার্সির আটলান্টিক সিটিতে বন্যার পানি নামতে শুরু করলেও বেশ কিছু সড়কে এখনো পানি জমে রয়েছে। শহরের জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তা স্কট ইভান্স জানান, নিচু এলাকাগুলোতে ২ থেকে ৩ ফুট পর্যন্ত পানি উঠেছিল। উদ্ধারকর্মীরা কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পাশাপাশি পানিতে আটকে পড়া যানবাহন থেকে ১৪টির বেশি উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।

ভার্জিনিয়ার বিভিন্ন শহরেও বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করা হয়েছে। নরফোক শহরে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩৯ জনকে উদ্ধার করেন। পয়োসন শহরে বাড়িতে আটকে পড়া প্রায় পাঁচজনকে উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়। এসব ঘটনায় কেউ আহত হননি।

দুটি পৃথক ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ: চার শতাধিক ফ্লাইট বাতিলবিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্যমতে, পেনসিলভানিয়ায় ২ লাখ ১৩ হাজারের বেশি, ভার্জিনিয়ায় ১ লাখ ৫০ হাজারের বেশি এবং মিসৌরিতে প্রায় ১ লাখ ২০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। এ ছাড়া নিউইয়র্ক, নর্থ ক্যারোলাইনা ও ইলিনয়েও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

মিসৌরিতে ভারী ও ভেজা তুষারপাতের কারণে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যটির বিভিন্ন এলাকায় ৮ থেকে ১২ ইঞ্চি তুষার জমেছে। কোথাও কোথাও এর পরিমাণ ১৪ ইঞ্চি ছাড়িয়েছে। টেনেসির পশ্চিম ও মধ্যাঞ্চলেও তুষারপাত হচ্ছে। মেমফিসে অন্তত ৭০ বছরের মধ্যে থ্যাংকসগিভিংয়ের দিনে প্রথমবার তুষারপাত হয়েছে।

ঝড়ের প্রভাবে বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটেছে। নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট চলাচলে গ্রাউন্ড স্টপ জারি করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকার কথা।

নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবল বাতাসের আশঙ্কায় টার্মিনালগুলোর সংযোগকারী উড়াল ট্রেন বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে বাস চালু করা হয়েছে। এদিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে উচ্চ জোয়ার ও উত্তাল ঢেউয়ের কারণে আমট্রাকের প্যাসিফিক সার্ফলাইনার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ঢেউ রেললাইনের ওপর আছড়ে পড়ায় কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলে আরও বৃষ্টি ও তুষারপাত হতে পারে। পরে ঝড়টি দক্ষিণ দিকে সরে রকি পর্বতমালার মধ্যাঞ্চলে তুষারপাত ঘটাতে পারে। শনিবার মধ্যাঞ্চলীয় সমভূমি ও মধ্য-পশ্চিমাঞ্চলেও বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা রয়েছে।

রোববার যুক্তরাষ্ট্রে ছুটির পর ভ্রমণের অন্যতম ব্যস্ত দিন। এদিন লুইজিয়ানা উপকূল থেকে দক্ষিণ মিশিগান পর্যন্ত ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ-পূর্ব ও মধ্য-আটলান্টিক অঞ্চলেও ঝড়ের কারণে যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এদিকে পশ্চিম উপকূলে শনিবার রাতে আরেকটি শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে। পূর্ব ওয়াশিংটন থেকে বে এরিয়া পর্যন্ত এর প্রভাব পড়ার পাশাপাশি দক্ষিণ ক্যালিফোর্নিয়া পর্যন্ত বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

পরপর কয়েকটি ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ, যোগাযোগ ও পরিবহনব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। আগামী কয়েক দিনও দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিষয়:ফ্লাইট বাতিল বন্যা ও তুষারপাত বিদ্যুৎহীন ৯ লাখ বিপর্যস্ত জনজীবন ভয়াবহ ঝড় মধ্য-আটলান্টিক উপকূল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…